লকডাউনেও পদ্মা সেতুতে ১৪ ঘণ্টায় ৬ হাজার ৫৫ যানবাহন পারাপার টোল আদায় ৮৩ লাখ টাকা
আবু বকর সিদ্দিক:- লৌহজং প্রতিনিধি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার যানবাহনের সংখ্যা কম দেখা গেছে।বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ১৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৬ হাজার ৫৫টি যানবাহন পারাপার হয়েছে।
এ সময় টোল আদায় হয়েছে ৮৩ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,এ সময় শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী ২ হাজার ৪০০টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৩১ লাখ ৪ হাজার ৪৫০ টাকা।
অন্যদিকে,মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী ৩ হাজার ৬৫৫টি যানবাহন পারাপার হয়েছে।এ প্রান্তে টোল আদায় হয়েছে ৫২ লাখ ৩৫ হাজার ৮৫০ টাকা।পদ্মা সেতু কর্তৃপক্ষের মাওয়া সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,সেতুতে যানবাহন পারাপার ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও বিভিন্ন ধরনের যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে।পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন জানান,সেতুতে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান,বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম লক্ষ্য করা গেছে।তবে লোকাল বাস,ছোট গাড়ি,পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।এদিকে,আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজাসংলগ্ন খানবাড়ী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।একই সঙ্গে ওই এলাকায় দফায় দফায় বিক্ষোভ,প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সব মিলিয়ে লকডাউন কর্মসূচির মধ্যেও পদ্মা সেতুতে যানবাহন চলাচল ও টোল আদায় অব্যাহত রয়েছে।