মহাদেবপুরে গুদাম থেকে সরকারি লোগোযুক্ত ২২ টন চাল জব্দ, মামলার নির্দেশ
মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে অবৈধভাবে মজুত রাখা ২২ হাজার ২০ কেজি (প্রায় ২২ টন) সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার স্বরূপপুর মোড় এলাকার ওই চালকলে এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা (২২ হাজার ২০ কেজি) চাল স্বরূপপুর মোড়ের দক্ষিণ পাশের ওই চালকলের একটি গুদাম ঘরে মজুত করে রাখেন মিলন নামের এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ডিজিএফআই উপজেলা প্রশাসনকে অবগত করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ইউএনও মানজুরা মুশাররফ সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে জব্দকৃত চালগুলো প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে সরকারি চাল মজুতের দায়ে চালের মালিক চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন ইউএনও।