নওগাঁ ১৪ বিজিবির অভিযানে ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল ও মোটরসাইকেলসহ মাদক কারবারী আটক
মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধীনস্থ কড়িয়া বিওপি’র একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তির নাম মোঃ মনিরুল ইসলাম (৩৪)। তিনি পাঁচবিবি উপজেলার কড়িয়া পোস্ট অফিসের অধীন পশ্চিম কড়িয়া গ্রামের মোঃ মোফাজ্জেল হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কড়িয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি উপজেলাধীন তিন রাস্তার মোড়ের দরগা নামক স্থানে অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন হিসেবে মনিরুল ইসলামকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত মালামালসহ পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।