ঢাকায় ফাহিম খান ও সুকন্যা আক্তারের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন মির্জা আব্বাসসহ বিশিষ্টজনেরা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মো. ফাহিম খান ও সুকন্যা আক্তারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টায় রাজধানীর নয়াপল্টনের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, মির্জা খোকন এবং বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লেলিন, টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সেন্টু এবং মুন্সীগঞ্জ জেলা ভূমি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম গিয়াসউদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
বর মো. ফাহিম খান ও কনে সুকন্যা আক্তার সম্পর্কে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমির হোসেন খানের ভাতিজা-ভাতিজি।
বর মো. ফাহিম খান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের শালিখারপাড়ের অপরকাঠি এলাকার বাসিন্দা। তিনি মো. নূর হোসাইন খান ও আফরোজা সুলতানা রুনার জ্যেষ্ঠ ছেলে। বর্তমানে তাঁদের পরিবার রাজধানীর উত্তর শাহজাহানপুরে বসবাস করছে।
অন্যদিকে, কনে সুকন্যা আক্তার একই এলাকার বাসিন্দা মো. মনির হোসাইন খান ও কাকলী আক্তার রুনুর কনিষ্ঠ মেয়ে। তাঁরাও বর্তমানে রাজধানীর উত্তর শাহজাহানপুরে বসবাস করছেন।
অনুষ্ঠানে অতিথিরা নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁদের দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত অতিথি, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।