টঙ্গীবাড়ীতে চিকিৎসকের প্রেসক্রিপশনের আদলে ফার্মেসিতে ওষুধ বিক্রির অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও কলেজ সংলগ্ন এলাকায় ‘লাম আলিফ ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকানে চিকিৎসকের প্রেসক্রিপশনের আদলে ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে ফার্মেসিটির একটি মেমো ও প্রেসক্রিপশন সদৃশ কাগজের বিষয়ে জানতে চাইলে ফার্মেসির আশরাফুল ইসলাম বলেন, তার ফার্মেসিতে নিয়মিত চিকিৎসক বসেন। তবে ওইদিন চিকিৎসক না আসায় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগ নির্ণয় করে রোগীকে ওষুধ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পথচারী অভিযোগ করে বলেন, চিকিৎসক না হয়ে এভাবে প্রেসক্রিপশনের মাধ্যমে রোগীকে ওষুধ দেওয়া হলে ভুল চিকিৎসার ঝুঁকি তৈরি হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক বলেন, ‘এভাবে প্রেসক্রিপশন করে ওষুধ বিক্রি করার আইনগত সুযোগ নেই। বিষয়টি আমরা সরেজমিনে তদন্ত করে দেখব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।