গজারিয়ায় হিন্দু সম্প্রদায়ের উন্নয়ন কাজে এমপি কামরুজ্জামান রতন
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
সোমবার সন্ধ্যায় উপজেলার ভবেরচর ইউনিয়নের কালিতলা এলাকায় সুরেশ সূত্রধরের বাড়ি থেকে কার্তিক সূত্রধরের বাড়ি পর্যন্ত পাইপ, কালভার্ট ও আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। পরে ভবেরচর কেন্দ্রীয় মহাশ্মশানের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ এবং দুটি সোলার প্যানেল স্থাপন কার্যক্রমও উদ্বোধন করেন সংসদ সদস্য।
এর আগে ভবেরচর কেন্দ্রীয় মহাশ্মশানের সংস্কার ও উন্নয়নকাজ নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। এ সময় মহাশ্মশানের উন্নয়নকাজে বিশেষ অবদান রাখায় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানান ভবেরচর মহাশ্মশান কমিটি, সূত্রধর বাড়ি এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
পরে সংসদ সদস্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হানিফা সাদ্দাম, যুবদল নেতা সবুজ সিকদার, আক্তারুজ্জামান সিকদার এবং ভবেরচর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কুমার রায় তনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।