Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাউফলে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব পালন করবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

সমাজের খবর ডেস্ক

‎বাউফলে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব পালন করবে: ড. শফিকুল ইসলাম মাসুদ
‎
‎বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
‎
‎
‎
‎শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উপজেলার ৬৫টি মন্দিরে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে মোট ৩৯ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
‎

 

‎সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমদ।
‎

 

‎অনুষ্ঠানে উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে নিতাই চন্দ্র দেবনাথ, অতুল চন্দ্র পাল ও রাখাল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলের প্রতিটি হিন্দু নাগরিকসহ সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় রীতি পালন করবেন। একজন মুসলমান যেমন তার ধর্মীয় বিধান ও উৎসব পালন করেন, অন্যান্য ধর্মাবলম্বীরাও তেমনি স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করবেন।

 

‎
‎তিনি বলেন, “ইসলাম অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। তাই প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং অন্যের ধর্মীয় অধিকার ও অনুভূতির প্রতি সম্মান দেখাবেন।”
‎
‎দুর্গাপূজাকে সামনে রেখে তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

 

‎
‎তিনি আরও বলেন, “আমরা স্বাভাবিক নিরাপত্তা দেবো। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন।”
‎
‎ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাউফলের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন।

 

‎
‎ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরাপত্তা, শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বাউফলে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
‎
‎৫ অক্টোবর
‎পটুয়াখালী বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন
‎01749510580

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন