বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে চাষকৃত জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সাবু মৃধা (৩০) ও তার ছোট ভাই মুসা মৃধা (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের পরিবারের অভিযোগ, প্রায় ১৫ বছর আগে তাদের বাবা ইব্রাহিম মৃধা মারা যাওয়ার পর চাচা নাসির মৃধার সঙ্গে বাড়ি ও জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরিবারের দাবি, নাসির মৃধা তাদের বসতবাড়ি ও জমি দখলে রেখেছেন এবং সেখানে যেতে গেলে মারধর ও হুমকি দেওয়া হয়। এ কারণে তারা দীর্ঘদিন ধরে পাশের মান্দারবণ গ্রামে নানাবাড়িতে বসবাস করছেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে সাবু ও মুসা নিজেদের চাষকৃত জমিতে সার দিতে গেলে নাসির মৃধা, তার চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তারিখ: ৪ অক্টোবর ২০২৬
মোঃ রুবেল হোসেন
উপজেলা প্রতিনিধি, বাউফল
০১৭৪৯৫১০৫৮০