টঙ্গীবাড়ীতে সন্ধানী সমাজ সেবা সংঘের উদ্যোগে ৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুসা বাজারে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সন্ধানী সমাজ সেবা সংঘ। সংগঠনটির উদ্যোগে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় ফজুসা কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসাউল্লাহ পাঁচনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফজুসা আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে শ্রেণি ও ফলাফলের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মামপট ও টিফিন বক্স, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ছাতা এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হটপট উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধানী সমাজ সেবা সংঘের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান দেওয়ান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মো. আব্দুল কুদ্দুস মাঝি, সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস দেওয়ান এবং কোষাধ্যক্ষ সেকান্দর মাঝি উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলী নান্টু মাদবর, মো. আজিজুল হক দেওয়ান, আলহাজ্ব ফজলুল হক সরদার, মো. দেলোয়ার সরদার ও মো. মিজান মাঝি।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও পুরস্কার তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। সমাজের প্রতিটি স্তর থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
সন্ধানী সমাজ সেবা সংঘের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।