Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাইকগাছায় জামায়াতের কড়া জবাব : মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সমাজের খবর ডেস্ক

পাইকগাছায় জামায়াতের কড়া জবাব : মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃআবুল কালাম আজাদ
জেলা প্রতিনিধি:(খুলনা)

খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

 

 

​সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পাইকগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমির মাওঃ গোলাম সরোয়ার, খুলনা জেলা কর্ম পরিষদের সদস্য মাওঃ আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা আমির মাওঃ সাইদুর রহমান, উপজেলা সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, পৌর আমির ডাঃ আসাদুল ইসলাম, পৌর নায়েবে আমির এ্যাড. আব্দুস সালাম, পৌর সেক্রেটারী মিজানুর রহমান সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

 

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সম্প্রতি পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে আয়োজিত এক চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন। এ ধরনের ভিত্তিহীন বক্তব্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি করেছে।

 

 

 

​সংবাদ সম্মেলনে মাওলানা আমিনুল ইসলাম বলেন, প্রথমত, বক্তব্যে জামায়াতে ইসলামীকে বাটপার এবং ধর্মের নামে মানুষের সঙ্গে ব্যবসা করে-এমন অভিযোগ করেছেন। এই সব কথা মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন । কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এ ধরনের গুরুতর মন্তব্য করা হলে তার পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন। আমরা উক্ত অভিযোগের সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রমাণ দাবি করছি।

দ্বিতীয়ত, নির্বাচনের আগে কোনো একজন জামায়াত নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে ভোটের সঙ্গে জান্নাতের বিষয়টি যুক্ত করা হয়েছে। কিন্তু বক্তব্যে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ও বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট স্পষ্ট করা হয়নি। তাই বিভ্রান্তি সৃষ্টি না করে মূল বক্তব্যের ভিডিও, অডিও বা নির্ভরযোগ্য সূত্র প্রকাশ করার আহ্বান জানাচ্ছি।

তৃতীয়ত, রাজনৈতিক বক্তব্যে প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক বা অশালীন সম্বোধন ব্যবহার না করার জন্য জোর প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক বিতর্ক হওয়া উচিত শালীন ও দায়িত্বশীল ভাষায়।

চতুর্থত, একইভাবে লং মার্চ, জ্বালানি তেলের ব্যবহার, যানজট ও তেলের সংকট তৈরির বিষয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেসবেরও তথ্যভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষনের আশা পোষন করি।

 

 

পঞ্চমত, সংসদের ভেতরে এক ধরনের বক্তব্য এবং বাইরে অন্য ধরনের বক্তব্য দেওয়ার যে অভিযোগ করা হয়েছে, সেটিও সুনির্দিষ্ট উদাহরণসহ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক রাজনীতির একটি অংশ। কিন্তু কোন রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করা হলে সেটি যেন তথ্য-প্রমাণের ভিত্তিতে হয়। একই সঙ্গে কোনো বক্তব্যের অংশবিশেষ তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টি না করে সম্পূর্ণ বক্তব্য ও প্রেক্ষাপট জনগণের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার প্রয়োজন বলে আমরা মনে করি।

 

 

 

পরিশেষে, আমরা কোনো ধরনের সংঘাত বা উত্তেজনা চাই না। জনগণের সামনে সত্য ও তথ্য তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন