নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংস করতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ রেজোয়ানা চৌধুরী, পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আনজুম সোহানিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, প্রত্যেককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।