আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ সকলের এবং সংবিধান অনুযায়ী জন্মসূত্রে প্রতিটি নাগরিকই রাষ্ট্রের সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী বলে মন্তব্য করেছেন পাবনা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন স্থানে বৈষম্য থাকলেও আমাদের দেশে সামাজিক, রাজনৈতিক বা সাম্প্রদায়িক ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। রাষ্ট্রে মত প্রকাশ ও ধর্ম পালনে কেউ বাধার সম্মুখীন হয় না, রাষ্ট্র জনগণের কল্যাণেই কাজ করে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ইসিএসএপি’ প্রকল্পের সিএসওদের কার্যকর অংশগ্রহণে নাগরিক পরিসর সম্প্রসারণে জেলা প্রশাসনের সাথে এক সংযোগ ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “নিজেদের রাষ্ট্রের প্রথম শ্রেণির নাগরিক মনে করে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সামনের দিকে অগ্রসর হতে হবে। সরকার আপনাদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে, সেগুলো নেওয়ার মানসিকতা তৈরি করলেই সফলতা আসবে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ডিস্ট্রিক হিউম্যান রাইটস মনিটরিং কর্মকর্তা কামাল আহমেদ সিদ্দিকীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। এরপর সমতল এলাকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রস্তুতকৃত ‘পজিশন পেপার’ উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রেড’-এর প্রকল্প সমন্বয়ক আশিকুর রহমান।
সভায় সম্মানিত অতিথি হিসেবে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) মোঃ আজহারুল ইসলাম বলেন, “সকলের আইনি সহায়তা ও সেবা প্রদানে লিগ্যাল এইড অফিস সব সময় উন্মুক্ত। যেকোনো আইনি সহায়তায় আমরা পাশে আছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসুম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা।
মুক্ত আলোচনা পর্বে ভাঙ্গুড়া উপজেলার খান মরিচের শেফালী বসাক, আটঘরিয়ার শিপ্রা, ভাঙ্গুড়ার রনজিৎ বসাক ও ডা. দুলাল চন্দ্র সরকার তাদের মতামত প্রকাশ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা আসন্ন দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান, সম্প্রদায়ভিত্তিক স্কুল প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ, আবাসন ও ভূমি বরাদ্দসহ সরকারি সকল সেবার প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানান।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং ঈশ্বরদী, আটঘরিয়া ও ভাঙ্গুড়া উপজেলা থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।