Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় পুলিশের স্পেশাল অভিযানে আঞ্চলিক সড়কের কুখ্যাত ছিনতাই চক্রের মূল হোতাসহ ২ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মালামাল উদ্ধার

সমাজের খবর ডেস্ক

মোঃ সাইদুল ইসলাম হেলাল
​নওগাঁ প্রতিনিধি
নওগাঁ-রানীনগর-আত্রাই-
নাটোর আঞ্চলিক সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় যুক্ত আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই মূল হোতা (ডাকাত) সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। গত ২০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে টানা ৪৮ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

 

 

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯:৩০ মিনিটে রানীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় একদল অজ্ঞাতনামা ডাকাত তাণ্ডব চালায়। নির্জন রাস্তায় প্রথমে এক হাঁস ব্যবসায়ী, পরবর্তীতে একজন ভ্যানচালক এবং দুটি মোটরসাইকেলের চার আরোহীকে ধারালো হাসুয়া ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তারা। ডাকাতেরা পথচারীদের মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে কয়েক হাজার টাকা এবং ৬-৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

​এ সময় ডাকাতদের হামলায় হাবিবুর বাশার, সুজন, এরশাদ সোহেল ও ফয়সাল নামে কয়েকজন ভিকটিম গুরুতর আহত হন। অপরাধীরা দুই ভিকটিমের পরনের কাপড় কেটে তা দিয়েই তাদের গাছের সাথে বেঁধে রেখে পালিয়ে যায়।

 

 

 

​ঘটনা জানার পরপরই রানীনগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও স্পেশাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আসামিদের দ্রুত সনাক্ত ও গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখা, রানীনগর থানা ও আত্রাই থানার সমন্বয়ে একটি চৌকস দল গঠন করেন।

​তথ্যপ্রযুক্তি, সাক্ষ্য-প্রমাণ ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে আসামিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে টানা ৪৮ ঘণ্টার সাঁড়াশি অভিযান চালানো হয়। রানীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে নাটোর, বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ সেপ্টেম্বর আসামি দুইজনকে গ্রেফতার করা হয়।

 

 

 

​গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ মনিরুল ইসলাম ওরফে বাইরুল ওরফে বেলাল (৩৮), পিতা: মোঃ আফসার আলী, সাং- চা বাগান কলোনি, থানা- আদমদীঘি, জেলা- বগুড়া (কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী)।২. মোঃ নাহিদ হোসেন (২২), পিতা: মোঃ শহিদুল মন্ডল, সাং- রাজাপুর (ভূত রাজাপুর), থানা- রানীনগর, জেলা- নওগাঁ।

​গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাইরুল ও নাহিদ স্বীকার করে যে, গত ১৭ সেপ্টেম্বর রাতে ও ভোররাতে চারজনের একটি দল নিয়ে তারা দুই দফায় ওই সড়কে ছিনতাই চালিয়েছিল। এছাড়া নওগাঁ-নাটোর সড়কের বিভিন্ন পয়েন্টেও তারা নিয়মিত ছিনতাই করত। গ্রেফতারকৃত নাহিদ আজ বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ তাদের কাছ থেকে ভিকটিমের একটি মোবাইলসহ একাধিক মোবাইল ফোন এবং ১টি ধারালো হাসুয়া উদ্ধার করেছে।

 

 

 

​এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “নওগাঁ-রানীনগর-আত্রাই-
নাটোর আঞ্চলিক সড়কে যেকোনো ধরনের ছিনতাই ও দস্যুতা দমনে আইন অনুযায়ী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। অপরাধীদের কঠোর হস্তে দমন করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত।”

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ
মোবাইল নং- ০১৭২৪২৫৫৭০৬
তাং-২১-০৯-২০২৬

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন