আবু বকর সিদ্দিক:- লৌহজং প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাটে মাদক, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নাগেরহাট নবীন সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বিক্ষোভ মিছিলটি নাগেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এলাকায় মাদক ও সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।বক্তারা বলেন,মাদক ও সহিংসতার কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা ব্যাহত হচ্ছে।এ সময় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় গত ১৩ সেপ্টেম্বর রাতে লিটন বেপারীর ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।বক্তারা অভিযোগ করেন,লিটন বেপারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হামলা চালানো হয়েছে।তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।নাগেরহাট নবীন সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সরকার সভা সঞ্চালনা করেন।বক্তব্য দেন নাগেরহাট বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা।
এ ছাড়া কনকসার ইউনিয়ন বিএনপি নেতা আসলাম আহমেদ বেপারী বক্তব্য দেন।সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রুবেদা বেগমও সভায় বক্তব্য রাখেন।
আরও বক্তব্য দেন নাগেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু কালাম মোল্লা ও আজাদ দেওয়ান।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে নজরুল ইসলাম,মিজান সরকার,মহসীন পাঠান ও আব্দুর রাজ্জাক শেখ উপস্থিত ছিলেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের
কঠোর পদক্ষেপ কামনা করেন।পাশাপাশি লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।সভা শেষে অংশগ্রহণকারীরা মাদক,সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।