মো: এনামুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ)স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ভারতীয় ওষুধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬৬/৮-এস থেকে প্রায় ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের দালিল মিয়ার আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় Wincerex Cough Syrup উদ্ধার করা হয়।
এছাড়া ১৯ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬০/১৩৭-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামের শহীদ মিয়ার আমবাগানে অভিযান চালানো হয়। সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।
অপরদিকে, ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে একই এলাকার সীমান্ত পিলার-৬৬/৮-এস থেকে প্রায় ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের দালিল মিয়ার আমবাগানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৫৬০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
একই দিন বিকেল ৩টা ৫০ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬০/১৪-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মাদারতলা মাঠে বিশেষ টহল পরিচালনা করা হয়।
হাবিলদার মো. মনির হোসেনের নেতৃত্বে টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দুই নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। প্রতিরোধ এবং অবৈধ পারাপার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন।