মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিউলি আক্তার। এলাকার সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করার পাশাপাশি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
শিউলি আক্তার জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে থেকে তাদের সুখ-দুঃখের কথা শুনে আসছেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, বিশেষ করে নারীদের নানা বিষয় ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করার আগ্রহ থেকেই তিনি মহিলা মেম্বার পদে প্রার্থী হতে চান।
তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। ওয়ার্ডের রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্নতা, শিক্ষা, নারীদের উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শিউলি আক্তার আরও বলেন, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা এবং তাদের কথা শোনা। তাই তিনি কোনো প্রতিশ্রুতির রাজনীতি নয়, বরং মানুষের সঙ্গে থেকে বাস্তবসম্মতভাবে কাজ করতে চান। এলাকার প্রবীণ, নারী, যুবসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে আড়িয়ল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডকে আরও সুন্দর ও উন্নত করার প্রত্যাশা তার।
তিনি আড়িয়ল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে আগামী দিনে জনগণের সেবা করার সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন মহিলা মেম্বার পদপ্রার্থী শিউলি আক্তার।