সরকারি মূল্যে সার বিতরণ ও কৃষক হয়রানি বন্ধের দাবিতে বেড়ায় কৃষক-মজুর সংহতির মিছিল ও স্মারকলিপি
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
সরকারি নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃষকদের হয়রানি লাঘবের দাবিতে পাবনার বেড়ায় মিছিল, পথসভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর (২০২৬) ‘বাংলাদেশ কৃষক-মজুর সংহতি’ বেড়া উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সংগঠনের নেতাদের নেতৃত্বে একটি মিছিল বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভা ও মিছিল পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল আলিম এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক কামরুল হাসান লিটন।
পথসভায় বেড়া উপজেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর দর্জী বলেন, “কৃষকের ঘামেই দেশের খাদ্য উৎপাদন হয়, অথচ সার ও বীজের বাড়তি দামে কৃষক আজ দিশেহারা। কৃষকের স্বার্থে অবিলম্বে সারের দাম কমাতে হবে।”
কেন্দ্রীয় অর্থ সম্পাদক কামরুল হাসান লিটন বলেন, “‘সারের দাম কমাও, কৃষক বাঁচাও’—এই হোক আমাদের প্রধান দাবি। ন্যায্যমূল্যে সার ও কৃষি উপকরণ নিশ্চিত করে কৃষকের উৎপাদন খরচ কমানো জরুরি।”
সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল আলিম উল্লেখ করেন, “কৃষকের অধিকার কোনো দয়া নয়, এটি তার ন্যায্য অধিকার। সরকারি রেটে সারের সরবরাহ নিশ্চিত করে কৃত্রিম সংকট বন্ধ করতে হবে, যাতে কৃষকেরা সহজেই সাশ্রয়ী মূল্যে সার পেতে পারেন।”
পথসভায় বেড়া উপজেলা কৃষক-মজুর সংহতির বিভিন্ন ইউনিট ও ছাত্র ফেডারেশন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মিছিল ও পথসভা শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার কাছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি প্রদানকালে বেড়া উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত কৃষকদের কাছ থেকে সরাসরি সার ডিলারদের অনিয়ম ও দুর্ভোগের কথা শোনেন। অভিযোগ শুনে তিনি ডিলারদের অনিয়ম দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।








আপনার মতামত লিখুন