আমতলীতে কচুরীপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ
আমতলীতে কচুরীপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ
0:00 0:00

আমতলীতে কচুরীপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ

অন্যান্য
আমতলীতে কচুরীপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ
৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৪ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া বন্ধ নদী ও শাখা নদীর প্রায় ১৫ কিলোমিটার এলাকায় কচুরীপানা পরিষ্কারের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নদী থেকে কচুরীপানার মূল গোড়া তুলে অপসারণের পরিবর্তে মেশিন দিয়ে শুধু ওপরের অংশ কেটে ফেলা হচ্ছে। এতে কচুরীপানা আরও দ্রুত বংশবিস্তার করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ চাওড়া বন্ধ নদী ও শাখা নদী দীর্ঘ ২৫ বছর ধরে ঘন কচুরীপানায় ঢেকে আছে। কচুরীপানার কারণে পানিতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। এতে হলদিয়া, চাওড়া, কুকুয়া, আমতলী সদর ইউনিয়ন ও আমতলী পৌরসভার লক্ষাধিক মানুষ ভোগান্তিতে রয়েছেন।
নদীটি কচুরীপানামুক্ত করার দাবিতে গত এক দশক ধরে স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশকর্মীরা আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে বরগুনা পানি উন্নয়ন বোর্ড ‘সুবন্দী প্রকল্প’ নামে একটি প্রকল্প গ্রহণ করে।

 

 

প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার নদীর কচুরীপানা পরিষ্কারের কাজ পান পটুয়াখালীর ঠিকাদার বশির উদ্দিন। গত বুধবার থেকে তিনি কচুরীপানা অপসারণের কাজ শুরু করেন।
তবে কাজ শুরুর পরপরই অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, দরপত্রের শর্ত অনুযায়ী শ্রমিক দিয়ে কচুরীপানার মূল গোড়া মাটি থেকে তুলে অপসারণ করার কথা থাকলেও মেশিন দিয়ে শুধু ওপরের অংশ কেটে ফেলা হচ্ছে। এতে কচুরীপানার গোড়া নদীতে থেকেই যাচ্ছে এবং কেটে ফেলা অংশও নদীতে পড়ে থাকছে।
সরেজমিনে দেখা যায়, একটি মেশিন দিয়ে নদীর ওপরের কচুরীপানা কেটে ফেলা হচ্ছে। কিন্তু কচুরীপানার মূল গোড়া নদীতেই রয়ে যাচ্ছে।

 

নদীপাড়ের বাসিন্দা মোঃ শিবলী শরীফ ও নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “মেশিন দিয়ে কচুরীপানার ওপরের অংশ কেটে ফেলা হচ্ছে। গোড়া থেকে যাওয়ায় এটি আবার নতুন করে বংশবিস্তার করবে। পাশাপাশি কাটা কচুরীপানা নদীতে পচে পরিবেশ আরও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে।”
স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম বলেন, “কচুরীপানা পরিষ্কার করতে দেখে মনে করেছিলাম এবার হয়তো আল্লাহ আমাদের রক্ষা করবেন। কিন্তু যেভাবে পরিষ্কার করা হচ্ছে, তাতে সমস্যা কমার বদলে আরও বাড়বে।”
অভিযোগের বিষয়ে ঠিকাদার বশির উদ্দিনের ম্যানেজার মোঃ জাহিদ হোসেন বলেন, “নদীর পানি নষ্ট থাকায় শ্রমিকরা পানিতে নামতে চায় না। তাই মেশিন দিয়ে কচুরীপানা কেটে কিনারে তুলে আনা হচ্ছে।”
এদিকে অনিয়মের অভিযোগ পাওয়ার পর বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান ঠিকাদারকে নোটিশ দিয়েছেন। নোটিশে দরপত্রের শর্ত অনুযায়ী কচুরীপানা পরিষ্কার না করলে এর দায়ভার ঠিকাদারকেই নিতে হবে এবং কাজের বিল পরিশোধ করা হবে না বলে উল্লেখ করা হয়েছে।

 

উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান বলেন, “শ্রমিক দিয়ে নদী থেকে কচুরীপানার গোড়া মাটি থেকে তুলে আনতে হবে, যাতে নতুন করে বংশবিস্তার করতে না পারে। অনিয়মের বিষয়ে ঠিকাদারকে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। দরপত্র অনুযায়ী কাজ না করলে দায়ভার ঠিকাদারকেই নিতে হবে।”
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, “ঘন কচুরীপানা পরিষ্কারের জন্য ঠিকাদারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ীই তাকে কাজ করতে হবে।”