বাউফলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন ঘিরে হামলার অভিযোগ
বাউফলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন ঘিরে হামলার অভিযোগ
0:00 0:00

বাউফলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন ঘিরে হামলার অভিযোগ

অন্যান্য
বাউফলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন ঘিরে হামলার অভিযোগ
১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৩ পিএম

 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা নজরুল খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল (৪৮)। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নজরুল খান।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের জন্য মঙ্গলবার দুপুরে সভা অনুষ্ঠিত হয়। উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

সভায় সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন করা হলে প্রিজাইডিং কর্মকর্তা তাকে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান হাসনাইন হোসেন সোহেল। পরে এ নিয়ে বিএনপি নেতা নজরুল খানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

 

সোহেলের অভিযোগ, একপর্যায়ে নজরুল খান ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা করেন। এতে তিনি আহত হন।

তবে নজরুল খান বলেন, তিনি কাউকে হামলা করেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করার চেষ্টা করেছেন মাত্র।

এদিকে সভাপতি নির্বাচন নিয়ে কোরাম পূর্ণ হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, সভাপতি নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন না। তাদের দাবি, সভায় ছয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন হলেও সেখানে উপস্থিত ছিলেন পাঁচজন।

 

প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, একমাত্র প্রার্থী হিসেবে শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়েছিল। দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার
পটুয়াখালী বাউফল উপজেলা
প্রতিনিধি মোঃ রুবেল হোসেন
01749510580