মহেশপুরে মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার, ভারতে নেওয়ার সময় নারী ভিকটিম উদ্ধার।
মো: এনামুল ইসলাম
মহেশপুর( ঝিনাইদহ) স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় চক্রের কবল থেকে এক নারী উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার ২৫ আগস্ট মহেশপুর থানায় মানবপাচার আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রংপুরের তারাগঞ্জ উপজেলার উজিয়াল গ্রামের মৃত টগরু মামুদের মেয়ে মোছাঃ নিতুন জেরা (৪১) বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্পাঞ্চল এলাকায় বসবাস করেন।
এজাহার সূত্রে আরও জানা যায়, এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে ভিকটিম(৪১) কে ভারতে ভালো বেতনের চাকরির মিথ্যা প্রলোভন ও প্রতারণামূলক প্রতিশ্রুতি দেন। এর অংশ হিসেবে গত ২০ আগস্ট ভিকটিম কে জীবননগর থেকে রিসিভ করে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে সীমান্ত পার করতে ব্যর্থ হয়ে চক্রের ১নং আসামি মোঃ ইমনের টিনশেড বসতঘরে ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটকে রাখা হয়।
অবস্থা বেগতিক দেখে ভিকটিম জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে সাহায্য চান। সংবাদ পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত মোঃ ইমনকে (১৯) হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মোঃ খাইরুলের ছেলে।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিরা হলেন,সাভারের পশ্চিম রাজাশনের জাহিদুল ইসলাম মীর (৪২) এবং মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামিনুর (৩৩), আমিনুর রহমান (৩৭), কবির হাজং (৩১), মহসিন (৪৩), মোঃ হৃদয় মিয়া (২৫), মোঃ শাহাবুদ্দিন (৩৫), সম্রাট (২৪)সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।
এ বিষয়ে মহেশপুর থানার মামলা নং-৩৬, তারিখ-২৫/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-৬/৭/১১ মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তের ভার অর্পণ করা হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অপু কুমার বিশ্বাসের ওপর।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের পলাতক অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








আপনার মতামত লিখুন