সরকারি খাস জমিতে ব্যক্তিমালিকানাধীন টিনের বেড়া, উচ্ছেদ হবে কবে?
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঘিয়া বাজারে সরকারি খাস জমিতে ব্যক্তিমালিকানাধীন টিনের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি জমি দখলমুক্ত রাখতে লাল নোটিশ টানানো হলেও নোটিশে উল্লেখ করা ২৮ শতাংশ জমির পুরোটা দৃশ্যমান না থাকায় এবং অবশিষ্ট জমির একাংশে ব্যক্তিমালিকানাধীন টিনের বেড়া থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঘিয়া বাজারে একটি টিনের বেড়া দিয়ে একটি জমি সীমানা দেয়া রয়েছে। তার ভিতরে লাল নোটিশ টানানো রয়েছে। এবং বাহিরে দিক দিয়েও একটি নোটিশ টানানো রয়েছে। তবে বাহিরের নোটিশটি নড়বড় অবস্থায় আছে। যেকোনো সময় নোটিশটি সরিয়ে ফেলা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘিয়া মৌজার ১ নম্বর খতিয়ানের ৩৩৯ নম্বর দাগে ২৮ শতাংশ খাস জমি রয়েছে। ওই জমিতে সরকারি লাল নোটিশ টানানো হয়েছে। তবে সরেজমিনে নোটিশে উল্লেখ করা ২৮ শতাংশের পরিবর্তে ১০ শতাংশের কিছু বেশি জমি দৃশ্যমান রয়েছে বলে স্থানীয়রা জানান। অবশিষ্ট অংশের অবস্থান ও সীমানা নিয়েও তাঁদের মধ্যে প্রশ্ন রয়েছে। দৃশ্যমান জমির একাংশে ব্যক্তিমালিকানাধীন টিনের বেড়া রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খাস জমিতে ব্যক্তিমালিকানাধীন স্থাপনা বা বেড়া থাকার বিষয়টি প্রশাসনের নজরে আসার পরও তা অপসারণ করা হয়নি। ফলে সরকারি জমিটি আবারও অবৈধভাবে দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি জমিটি দখলমুক্ত রাখতে লাল নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু নোটিশটি বর্তমানে নড়বড়ে অবস্থায় রয়েছে। যেকোনো সময় এটি সরিয়ে ফেলা হতে পারে। নোটিশটি সংরক্ষণ এবং জমির সীমানা স্পষ্টভাবে নির্ধারণ করে সরকারি জমি দখলমুক্ত রাখার দাবি জানান তাঁরা।
সরকারি জমিতে ব্যক্তিমালিকানাধীন টিনের বেড়া থাকার বৈধতা নিয়েও সচেতন মহলে প্রশ্ন উঠেছে। তাঁদের মতে, জমিটি যদি সরকারি খাস জমি হয়ে থাকে, তাহলে সেখানে ব্যক্তিমালিকানাধীন বেড়া কীভাবে রয়েছে এবং সেটি অপসারণে প্রশাসনের উদ্যোগ কী, তা স্পষ্ট করা প্রয়োজন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বাঘিয়া বাজারের ওই জমি পেরিফেরিভুক্ত খাস জমি। বাঘিয়া মৌজার ১ নম্বর খতিয়ানের ৩৩৯ নম্বর দাগে জমিটির পরিমাণ ২৮ শতাংশ।
স্থানীয়দের কেউ কেউ জানান, বাঘিয়া বাজারে দীর্ঘদিন ধরে হাঁটবাজার চালু রয়েছে। ফলে সরকারি জমিটি দখলমুক্ত করে নিয়ম অনুযায়ী স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হলে একদিকে বাজারের ব্যবসায়ীদের সুবিধা হবে, অন্যদিকে সরকারি সম্পত্তিও সুরক্ষিত থাকবে। তবে বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন ও সরকারি বিধিবিধান অনুসরণের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসন ও ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করে জমিটির সঠিক সীমানা নির্ধারণ, সরকারি জমিতে থাকা ব্যক্তিমালিকানাধীন বেড়ার বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি সরকারি খাস জমি যাতে পুনরায় কেউ দখল করতে না পারে, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সরকারি খাস জমিতে কোনোভাবেই ব্যক্তিমালিকানাধীন সীমানা প্রাচীর রাখতে দেয়া হবেনা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।








আপনার মতামত লিখুন