প্রধানমন্ত্রীর বৈঠক, এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ করে কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক
প্রধানমন্ত্রীর বৈঠক, এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ করে কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক
0:00 0:00

প্রধানমন্ত্রীর বৈঠক, এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ করে কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক

অন্যান্য
প্রধানমন্ত্রীর বৈঠক, এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ করে কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক
২৫ নভেম্বর ২০২৬, ৬:১৮ পিএম

প্রধানমন্ত্রীর বৈঠক, এনসিপি নেতাদের ‘অনুগত ছাত্র’ কটাক্ষ করে কুদ্দুসের পোস্টে ‘চামচা’ বিতর্ক

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠকের ছবি প্রকাশের পর তাঁদের ‘অনুগত ছাত্র’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস। তাঁর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও পাল্টাপাল্টি মন্তব্য দেখা দিয়েছে। বিশেষ করে মন্তব্যের ঘরে ‘চামচা’ আখ্যা দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

 

 

আব্দুল কুদ্দুসের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে। তিনি বর্তমানে ঢাকায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

ফেসবুক পোস্টে আব্দুল কুদ্দুস লেখেন, ‘তিন অনুগত ছাত্রের ক্লাস নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ পোস্টে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিস্থিতি এবং নাহিদ ইসলাম ও আখতার হোসেনের সঙ্গে তারেক রহমানের যোগাযোগের বিষয়টি তুলে ধরেন।

 

 

 

তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ক্যান্টনমেন্টে না গেলেও সেদিন প্রথম নাহিদ ও আখতার তারেক রহমানকেই ফোন দিয়েছিলেন। পরবর্তী সময়ে দেশে ফেরার পর তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য মির্জা ফখরুল কিংবা সালাহউদ্দিনের বাসায় তাঁদের দৌড়ঝাঁপ করতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে আরও লেখেন, তারেক রহমানের কন্যা জাইমা রহমানের চেয়েও বয়সে ছোট নাহিদ, আখতার ও হাসনাতরা বিভিন্ন মহলের প্ররোচনায় তারেক রহমানকে নিয়ে বিষোদ্‌গার করেছেন। এরপরও তারেক রহমান যে উদারতা দেখিয়েছেন, তা ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট নেতাদের মন্তব্য শোনার পর পরবর্তী মতামত জানাবেন বলেও পোস্টে উল্লেখ করেন।

 

 

এদিকে, পোস্টের মন্তব্যের ঘরে বিভিন্নজন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ তিন নেতার পক্ষে অবস্থান নিয়ে পোস্টদাতার সমালোচনা করেছেন, আবার কেউ রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যে সংযম ও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Md Foysol Ahmed মন্তব্যে তিন নেতার সঙ্গে অন্যদের তুলনা করা যায় না বলে মত দেন। সাগর ইসলাম রিদয় লেখেন, ‘আপনাদের মত পাকনাদের জন্য জাতীয় ঐক্য বিনষ্ট হয়।’

মো. মোজাম্মেল হক পোস্টদাতার বক্তব্যের সমালোচনা করে লেখেন, ‘পাগল মত কথা আপনি বলেন কেনো, রাজনৈতিক মানুষ হয়ে এমন শব্দ??’

 

 

অন্যদিকে, Md Rejaul Karim Swadrs পোস্টদাতাকে উদ্দেশ করে লেখেন, ‘ভাই, তারা তো ছাত্র হওয়ার যোগ্যতা রাখে। আপনি তো চামচা দলের সদস্য। তাই কারো সম্পর্কে কিছু বলতে হলে মুখে হালকা লাগাম দিবেন।’

এর জবাবে আব্দুল কুদ্দুস লেখেন, ‘এই দলের চামচা তো আপনিই ছিলেন।’ পরে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য চলতে থাকে। একপর্যায়ে Md Rejaul Karim Swadrs রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কথা ও আচরণে সংযম এবং সম্মান বজায় রাখার আহ্বান জানান।

 

 

এ ছাড়া মো. আরিফুল ইসলাম (শান্ত) মন্তব্য করেন, ‘মিথ্যে কখনো প্রতিষ্ঠিত হয় না এই ধরিত্রীর পরিবেশ সাময়িক ঘোলাটে করে, পরিশেষে সত্যই টিকে থাকে।’

সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের ছবি ঘিরে আব্দুল কুদ্দুসের মন্তব্য এবং মন্তব্যের ঘরে ‘চামচা’ আখ্যা দিয়ে পাল্টাপাল্টি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।