ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান।
ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান।
মোঃ শিমুল হোসেন রিপোর্টার ভেড়ামারা কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রস্তাবিত ‘কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল’-এর অবকাঠামো উন্নয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় ‘ভেড়ামারা সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার চরমোকারিমপুর, আরাজিসারা ও চর রূপপুর মৌজার প্রায় ৪২০ একর জমিতে কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে প্রকল্পের জন্য নির্ধারিত খাসজমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তরও করা হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে।
সমাবেশে উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাজান আলী বলেন, “পদ্মা নদীর তীরবর্তী অবস্থান, হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মাধ্যমে সড়ক, রেল ও নৌপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎকেন্দ্রের সান্নিধ্যের কারণে ভেড়ামারা শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া ও পাবনাসহ আশপাশের জেলার বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে
ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ বলেন, “অর্থনৈতিক অঞ্চলের সীমানাপ্রাচীর নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক, বিদ্যুৎ ও গ্যাসসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকাজ দ্রুত শুরু করতে হবে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ কার্যক্রম উন্মুক্ত করার দাবি জানাচ্ছি। এটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিন্টু, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, সাবেক পৌর কাউন্সিলর খায়রুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ








আপনার মতামত লিখুন