নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী ‘কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত
নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী ‘কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধি:
প্রান্তিক কৃষকদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণ ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ সদরে ৩২টি সরকারি ও বেসরকারি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী ‘কৃষিঋণ মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা চত্বর অডিটরিয়ামে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি ঋণ কমিটি ও লিড ব্যাংক (জনতা ব্যাংক পিএলসি, নওগাঁ জেলা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নওগাঁ সদর জামে মসজিদের পেশ ইমাম শামীম আহমেদ এবং পবিত্র গীতা পাঠ করেন পি. এন. বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন লিড ব্যাংক নওগাঁ জেলার প্রতিনিধি ও জনতা ব্যাংক পিএলসি (এরিয়া অফিস, নওগাঁ)-এর উপ-মহাব্যবস্থাপক মোঃ ওমর ফারুক।
মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখার যুগ্ম পরিচালক মোঃ আলতাফ হোসেন এবং নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনজুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি (প্রিন্সিপাল অফিস, নওগাঁ)-এর উপ-মহাব্যবস্থাপক কাজী মেহেদী হাসান, রূপালী ব্যাংক পিএলসি (যোনাল অফিস, নওগাঁ)-এর উপ-মহাব্যবস্থাপক দেবব্রত সাহা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (যোনাল অফিস, নওগাঁ)-এর উপ-মহাব্যবস্থাপক মোঃ বেল্লাল হোসেন এবং অগ্রণী ব্যাংক পিএলসি (আঞ্চলিক কার্যালয়, নওগাঁ)-এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ হাসান তারেক।
অনুষ্ঠানে বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৃত ও প্রান্তিক কৃষকদের হাতে দ্রুত এবং হয়রানিমুক্তভাবে কৃষিঋণ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ৪ জন কৃষকের মাঝে সর্বমোট ২৮ লক্ষ ২২ হাজার টাকার কৃষিঋণের চেক হস্তান্তর করেন।
দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণকারী ৩২টি ব্যাংকের স্টল থেকে উপস্থিত কৃষকদের তাৎক্ষণিক ঋণ আবেদন গ্রহণ, ঋণ বিতরণ ও প্রয়োজনীয় ব্যাংকিং পরামর্শ প্রদান করা হয়।








আপনার মতামত লিখুন