নাসিরনগরে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি: দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
নাসিরনগরে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি: দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
বাজারে তদারকি না থাকায় বেপরোয়া সিন্ডিকেট, স্বস্তি চায় সাধারণ মানুষ
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। চাল, ডাল, তেল, আটা, চিনি, ডিম, ব্রয়লার মুরগি, গরুর মাংস ও শাক-সবজিসহ প্রায় সব পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) নাসিরনগর সদর বাজার, কলেজ মোড় বাজার, হাসপাতাল মোড় ও গোকর্ণ বাজার সহ আরো বেশ কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
গত ১৫ দিনের ব্যবধানে প্রায় প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে সীমিত আয়ের মানুষের সংসারের মাসিক খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ।
ক্রেতারা জানান, একসময় ৫০০ টাকায় যে বাজার করা যেত, এখন ১০০০ টাকায়ও সেই বাজার হচ্ছে না। হাসপাতাল মোড়ের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সবসময়ই ভোগান্তির শিকার। ব্যবসায়ীরা নানা অজুহাতে নিজেদের মতো করে দাম বাড়িয়ে দিচ্ছেন। আমাদের পকেট কেটে তারা আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। বাজারে কোনো মনিটরিং নেই।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত মুনাফার লোভে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। বিশেষ করে ভোজ্যতেল, ডাল ও পেঁয়াজের বাজারে এই প্রবণতা বেশি।
তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেশি এবং উত্তরাঞ্চল থেকে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। আড়তে পর্যাপ্ত সবজি না থাকায় বেশি দামে কিনতে হচ্ছে। তাই কম দামে বিক্রির সুযোগ নেই।
বর্তমানে বিদেশি ফল আপেল, মালটা, আঙুর, আনারসহ দেশি ফলের দামও আকাশছোঁয়া। ৩০০ টাকার নিচে কোনো ভালো ফল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক দরিদ্র পরিবার বাধ্য হয়ে ফলের মতো পুষ্টিকর খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সচেতন মহল।
বাজার বিশ্লেষকদের মতে, শুধু সরবরাহ ঘাটতি নয়, বাজার ব্যবস্থাপনায় চরম সমন্বয়হীনতা, চাঁদাবাজি এবং প্রশাসনিক তদারকির অভাবই মূল্যস্ফীতির প্রধান কারণ। নিয়মিত বাজার মনিটরিং, পাইকারি থেকে খুচরা পর্যায় পর্যন্ত দামের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর অভিযান পরিচালনা করা হলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এ অবস্থায় দ্রুত বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে নাসিরনগরের সর্বস্তরের সাধারণ মানুষ।








আপনার মতামত লিখুন