কবরস্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এমপি
কবরস্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন
মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি: সাবেক রাষ্ট্রদূত, সচিব ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পারিবারিক কবরস্থানে হামলা ও ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং ভুক্তভোগী পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
অভিযোগ অনুযায়ী, সুইজারল্যান্ড প্রবাসী শাহাদাত হোসেন নিজেকে কথিত জমিদারের নাতি ও একজন মন্ত্রীর ভাগ্নে পরিচয় দিয়ে সাবেক রাষ্ট্রদূত, সচিব ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পারিবারিক কবরস্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে সংসদ সদস্য কামরুজ্জামান রতন অভিযুক্ত শাহাদাত হোসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বলেন, “তার বিরুদ্ধে ইতোমধ্যে থানায় মামলা হয়েছে। আইনের মাধ্যমে তার বিচার হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের সঙ্গে তিনবার কথা বলেছি। তিনি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে তিনি চেনেন না। ওই ব্যক্তি আসলে একজন ফ্রড (প্রতারক)। আমি ভুক্তভোগী পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, পারিবারিক কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কবরস্থানের সার্বিক নিরাপত্তা রক্ষায় প্রশাসনের উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।
স্থানীয়দের প্রত্যাশা, এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








আপনার মতামত লিখুন