তিস্তার পলিতে ফলছে নানা ফসল চাষ করছেন কৃষকরা।
তিস্তার পলিতে ফলছে নানা ফসল চাষ করছেন কৃষকরা।
মশিয়ার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
একসময় মঙ্গা ও কাজের অভাবের সঙ্গে পরিচিত ছিল নীলফামারীর ডিমলা। সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। তিস্তার পলিমাটির উর্বর জমিতে ধান ও ভুট্টার পাশাপাশি গম, পাট, আলু, সরিষা, চিনাবাদাম, ডাল ও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন কৃষকরা। চরাঞ্চলেও বাড়ছে আলু, ভুট্টা, চিনাবাদাম, মিষ্টিআলু ও মিষ্টিকুমড়ার আবাদ। একই জমিতে বছরে একাধিক ফসল চাষ করে বাড়ছে উৎপাদন ও কৃষকের আয়।
তৈরি হচ্ছে সারা বছরের কর্মসংস্থানের সুযোগ।ডিমলার মাঠে এখন চোখে পড়ে নানা ফসলের সমারোহ। কোথাও আমন ও বোরো ধানের ক্ষেত, কোথাও ভুট্টা, আবার কোথাও আলু, সরিষা, পাট ও শীতকালীন সবজির আবাদ।
তিস্তার চরাঞ্চলেও অনাবাদি জমি কাজে লাগিয়ে বিভিন্ন ফসল চাষ করছেন কৃষকরা। এতে জমির ব্যবহার বাড়ার পাশাপাশি আয়ও বাড়ছে তাদের।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ডিমলায় আবাদি জমির পরিমাণ ২৪ হাজার ৪০০ হেক্টর। এর মধ্যে এক ফসলি জমি ১ হাজার ৩১০ হেক্টর, দুই ফসলি ১৩ হাজার ৫২০ হেক্টর, তিন ফসলি ৮ হাজার ৬৮০ হেক্টর, চার ফসলি ৮৫০ হেক্টর এবং পাঁচ ফসলি জমি রয়েছে ৪০ হেক্টর। বছরে একাধিকবার ফসল উৎপাদনের কারণে মোট ফসলি জমির পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৯০ হেক্টর।
কৃষি বিভাগের তথ্য বলছে, গত তিন বছরে ডিমলায় ভুট্টার আবাদ বেড়েছে ৪৫০ হেক্টর, সরিষা ১৪০ হেক্টর, বোরো ১২০ হেক্টর, তরমুজ ৪৯ হেক্টর এবং আউশের আবাদ বেড়েছে ৩৫ হেক্টর। চরাঞ্চলেও ভুট্টার পাশাপাশি কুমড়া, মিষ্টিআলু ও তরমুজের আবাদ বাড়ছে।ধান ও ভুট্টা ডিমলার প্রধান ফসল হলেও কৃষকেরা এখন লাভজনক ও মৌসুমভিত্তিক বিভিন্ন ফসলের দিকে ঝুঁকছেন। তিস্তার চরাঞ্চলের পলিমাটিতে আলু, ভুট্টা, চিনাবাদাম, মিষ্টিআলু ও মিষ্টিকুমড়ার চাষ হচ্ছে। মৌসুমে এসব ফসল কিনতে বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ব্যবসায়ীরা ডিমলার হাট-বাজারে আসেন। এতে কৃষকের ফসল বিক্রির পাশাপাশি স্থানীয় ব্যবসা ও পরিবহন খাতেও কর্মচাঞ্চল্য বাড়ছে।
গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার এলাকার কৃষক মানিক মিয়া বলেন, ‘আগে আমাদের এলাকায় ধানই বেশি চাষ হতো। এখন জমির ধরন ও মৌসুম বুঝে ভুট্টা, সরিষাসহ বিভিন্ন ফসল চাষ করছি। এতে এক ধরনের ফসলের ওপর নির্ভরশীলতা কমেছে।’
নাউতারা বাজার এলাকার কৃষক সেলিম বলেন, ‘সার কতটুকু দিতে হবে, কখন দিতে হবে এবং ফসলের পরিচর্যা কীভাবে করতে হবে, এসব বিষয়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ পাই। আধুনিক পদ্ধতিতে চাষ করতে গিয়ে এসব পরামর্শ কাজে লাগছে।’ডিমলা সদরের কুটিরডাঙ্গা গ্রামের কৃষক খলিলুর রহমান এবার ১৫ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। তিনি বলেন, ‘ধানের শীষ বের হয়েছে। এখন পর্যন্ত কোনো রোগবালাই দেখা দেয়নি। সার কিনতেও সমস্যা হয়নি। এবার ভালো ফলনের আশা করছি। আমি সব মৌসুমেই বিভিন্ন ধরনের ফসল আবাদ করি।’
তিস্তার চরাঞ্চলের জমিতেও কৃষকদের আগ্রহ বাড়ছে। আগে যেসব জমি বছরের কোনো কোনো সময় অনাবাদি পড়ে থাকত, এখন সেসব জমিতেও ভুট্টা, কুমড়া, মিষ্টিআলু, তরমুজসহ বিভিন্ন ফসল চাষ হচ্ছে।
তিস্তা নদীর পলিমাটি ডিমলার কৃষির জন্য বড় সম্পদ বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। নদীর পলি জমে মাটি উর্বর হওয়ায় বিভিন্ন ফসল চাষের সুযোগ তৈরি হয়েছে। এর সঙ্গে সেচ সুবিধা ও আধুনিক চাষপদ্ধতি যুক্ত হওয়ায় একই জমিতে একাধিক ফসল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।
কৃষকদের সহযোগিতায় মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। ফসলের রোগবালাই দমন, সার ও বীজ ব্যবহারের নিয়ম এবং ফসলের পরিচর্যা নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারাও নিয়মিত মাঠে গিয়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, ‘কৃষিতে স্বনির্ভরতা আনতে কৃষকদের সঙ্গে নিয়মিত সভা, সেমিনার ও মাঠে গিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হচ্ছে। চলতি আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ডিমলা উপজেলায় বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই। কৃষির এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতেও খাদ্য ঘাটতির আশঙ্কা নেই।
তবে কৃষকদের কিছু সমস্যাও রয়েছে। ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, সময়মতো বাজারজাত করতে না পারা, ন্যায্যমূল্য না পাওয়া এবং বন্যার ঝুঁকি তাদের জন্য বড় চ্যালেঞ্জ। ফসল সংরক্ষণ ও বাজারজাতের ব্যবস্থা আরও উন্নত করা গেলে বহুমুখী চাষাবাদে কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উৎপাদন খরচ বাদ দিয়ে বর্তমানে ডিমলায় বিঘাপ্রতি ভুট্টা চাষে কৃষকের লাভ প্রায় ২৫ হাজার টাকা, ধানে প্রায় ১২ হাজার টাকা এবং সরিষায় প্রায় ১০ হাজার টাকা। লাভজনক ফসলের দিকে কৃষকদের ঝুঁকে পড়ার এটিও অন্যতম কারণ।
একসময় মঙ্গা ও কাজের অভাবের সঙ্গে যে ডিমলার নাম জড়িয়ে ছিল, সেই ডিমলায় এখন কৃষিই মানুষের ঘুরে দাঁড়ানোর অন্যতম পথ। তিস্তার পলিমাটিতে নানা ফসলের চাষ শুধু মানুষের খাবারের জোগানই দিচ্ছে না, বাড়াচ্ছে কৃষকের আয় ও কর্মসংস্থানও। বহুমুখী চাষাবাদে ডিমলার কৃষিতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।








আপনার মতামত লিখুন