কমিটি গঠন ও আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি
কমিটি গঠন ও আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক খাইরুল আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন, আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন।
বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশাররফ হোসেন খান (লিটন) অভিযোগ করে বলেন, গত ৫ অক্টোবর প্রধান শিক্ষক একটি কমিটি গঠন করে অনুমোদন নিয়েছেন। এ কমিটি গঠনের বিষয়ে স্থানীয় অভিভাবক ও অনেকেই অবগত নন। এমনকি কমিটির সদস্য হিসেবে আবুল হোসেনের নাম রাখা হলেও তিনি বিষয়টি জানেন না বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। কমিটি গঠনের প্রক্রিয়া ও এর বৈধতা তদন্তের দাবি জানান তিনি।
বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মহিবুল্লাহ প্রধান শিক্ষক খাইরুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
সাবেক উপজেলা ছাত্রদল ছাত্রবিষয়ক সম্পাদক জিএম মনজুরুল বলেন, প্রধান শিক্ষককে ঘিরে বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ সময় জাহিদুল ইসলাম অভিযোগ করেন, পূর্বে তার কাছ থেকে টাকা নেওয়া হলেও তা ফেরত দেওয়া হয়নি। অপরদিকে মো. সুমন অভিযোগ করেন, তার ছোট ভাইকে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৪ লাখ টাকা নেওয়া হয়েছিল। তবে এ টাকা এখনো ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে আব্দুল রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক খাইরুল আলম বলেন, বিদ্যালয়ের কমিটি গঠনে তার কোনো হস্তক্ষেপ ছিল না। কমিটি বোর্ড থেকে এসেছে।
তিনি বলেন, “কমিটি এসেছে বোর্ড থেকে। এখানে আমার কোনো হস্তক্ষেপ ছিল না।”
আবুল হোসেনকে কমিটির সদস্য করা প্রসঙ্গে তিনি বলেন, আবুল হোসেন বিষয়টি জানেন না—এ অভিযোগ সঠিক নয়। তার দাবি, আবুল হোসেন নিজেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং সেই অনুযায়ী তিনি কমিটির সদস্য হয়েছেন।
নিজের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে খাইরুল আলম বলেন, প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও কর্মসূচিতে শিক্ষক হিসেবে তাদের অংশ নিতে হয়েছে। অতীত সরকার আমলেও দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়েছে এবং বর্তমান সরকারের আমলেও সরকারি দায়িত্ব পালনের প্রয়োজন হলে তারা যাবেন। তবে এর অর্থ তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত—এমন দাবি সঠিক নয়।
মানববন্ধনে উত্থাপিত অন্যান্য অভিযোগও তিনি অস্বীকার করেন এবং এসব অভিযোগের বিষয়ে সঠিক তদন্তের দাবি জানান।
৬ অক্টোবর
পটুয়াখালী বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন
01749510580








আপনার মতামত লিখুন