ফেনীতে ৫ লাখ টাকা ও জমি দাবিতে নববধূকে ডিভোর্সের হুমকির অভিযোগ,,,
ফেনী প্রতিনিধিঃ
ফেনীর নারায়ণপুর ঠাকুরবাড়ি এলাকায় মাত্র পাঁচ লাখ টাকা ও জমি যৌতুক দাবিতে অপর্ণা চক্রবর্তী নামে এক নববধূকে স্বামী ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছেন—এমন অভিযোগ উঠেছে। ওই দম্পতির মাত্র এক মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অপর্ণা চক্রবর্তীর সঙ্গে ছোটনের বিয়ে হয় পারিবারিকভাবে।
বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। তবে সম্প্রতি স্বামী ছোটন তার স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা এবং পাঁচ ডিসিম জমি দাবি করেন বলে অভিযোগ করেছেন অপর্ণা ও তার পরিবার।
দাবি পূরণ না করলে সংসার করবেন না বলেও ছোটন তাকে জানিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
এ ঘটনায় অপর্ণার পরিবার বাদী হয়ে ফেনীর বোগদাদিয়া তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে।
এ বিষয়ে তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা সাংবাদিকদের জানান, অভিযুক্ত স্বামী বর্তমানে প্রবাসে থাকায় বিষয়টি আদালতের মাধ্যমে আইনগতভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলে ভালো হবে।
অন্যদিকে, অপর্ণার পরিবারের অভিযোগ, ছোটনের সঙ্গে কক্সবাজারের এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। ওই নারীকে বিয়ে করার উদ্দেশ্যে তাকে ১০ লাখ টাকা ও ১০ ডিসিম জমি দেওয়ার কথা বলা হয়েছে বলেও তারা দাবি করেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অপর্ণা চক্রবর্তী বলেন, “আমার স্বামী আমাকে বলেছেন, আমার পরিবার থেকে পাঁচ লাখ টাকা ও পাঁচ ডিসিম জমি তার নামে লিখে দিতে পারলে তিনি আমার সঙ্গে সংসার করবেন। অন্যথায় সংসার করা সম্ভব হবে না।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও ছোটনের আচরণ নিয়ে নানা অভিযোগের কথা জানিয়েছেন। তবে এসব অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে মালয়েশিয়ায় অবস্থানরত ছোটনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে বাধ্য নন বলে জানান।
ফলে তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
এক মাস বয়সী শিশুসন্তানকে নিয়ে দাম্পত্য কলহের এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।








আপনার মতামত লিখুন